শিশু নয়, যুক্তরাষ্ট্রে হামে এবার প্রাণ গেল ৪০ বছরের নারীর!

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়া হামের প্রাদুর্ভাব আরও প্রাণঘাতী হয়ে উঠেছে। জেফারসন কাউন্টিতে হামজনিত জটিলতায় ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার কাউন্টির করোনার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এ নিয়ে অঙ্গরাজ্যটিতে চলমান হামের প্রাদুর্ভাবের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের মধ্যে হাম মোকাবিলায় ফেডারেল সহায়তা নেওয়া নিয়ে রাজনৈতিক বিরোধও নতুন করে সামনে এসেছে।

জেফারসন কাউন্টি করোনার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওই নারী স্থানীয় সময় শনিবার মারা যান। তার মৃত্যুর ঘটনা নিয়ে পেনসিলভানিয়া স্বাস্থ্য বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করছে করোনারের কার্যালয়। কাউন্টির করোনার গ্রেগ ফারলং জানিয়েছেন, ওই নারী হামের টিকা নেননি।

করোনারের তথ্যানুযায়ী, পরিবারের একজন সদস্যের কাছ থেকে ওই নারী হামে আক্রান্ত হন। তার আগে থেকেই দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) ও হাঁপানি ছিল। এমনকি হামে আক্রান্ত হওয়ার আগে থেকেই তাকে ২৪ ঘণ্টা অতিরিক্ত অক্সিজেন নিতে হতো।

গ্রেগ ফারলং এক বিবৃতিতে বলেন, “এটি পরিবারের জন্য অত্যন্ত হৃদয়বিদারক ক্ষতি। একই সঙ্গে এ ঘটনা আবারও মনে করিয়ে দেয় যে হাম একটি গুরুতর এবং সম্ভাব্য প্রাণঘাতী রোগ।”

পেনসিলভানিয়ায় বাড়ছে সংক্রমণ
পেনসিলভানিয়ায় হামের বর্তমান প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ল্যাঙ্কাস্টার কাউন্টি। শুক্রবার পর্যন্ত অঙ্গরাজ্যটিতে মোট ৬৭৬টি হাম সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু আগের এক সপ্তাহেই নতুন করে ১০৮টি সংক্রমণ যোগ হয়েছে। আক্রান্তদের মধ্যে ১২৪ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

গত আগস্টের শেষ দিকে ল্যাঙ্কাস্টার কাউন্টিতে হামের সঙ্গে সংশ্লিষ্ট দুটি মৃত্যুর খবর পাওয়া যায়। ওই দুটি মৃত্যু ছিল অঙ্গরাজ্যটিতে ৩৫ বছরের মধ্যে হামের সঙ্গে সংশ্লিষ্ট প্রথম মৃত্যুর ঘটনা।

সেই দুই মৃত্যুর ঘটনাও অবশ্য পুরোপুরি বিতর্কমুক্ত নয়। ল্যাঙ্কাস্টার কাউন্টির করোনার কার্যালয় জানিয়েছিল, মৃতদের দু’জনই শিশু। তবে তাদের একজনের মৃত্যু হামের কারণে হয়েছে কি না, তা নিয়ে করোনারের কার্যালয় আপত্তি জানিয়েছিল।

করোনার ডা. স্টিফেন ডায়ামান্টোনি জানান, এক নবজাতকের প্লীহা ফেটে যাওয়ায় মৃত্যু হয়েছিল। ফরেনসিক প্যাথলজিস্টের মূল্যায়ন অনুযায়ী, সেটি হামজনিত কারণে হয়নি।

অন্যদিকে ছয় সপ্তাহ বয়সী আরেক শিশুর মৃত্যু হামের কারণে হয়েছে বলে নিশ্চিত করেন ডায়ামান্টোনি। শিশুটির ‘অ্যামিশ লেথাল মাইক্রোসেফালি’ নামের একটি গুরুতর জেনেটিক রোগ ছিল।

কেন্দ্রীয় সহায়তা নিয়ে নতুন বিরোধ
জেফারসন কাউন্টির নারীর মৃত্যুর পর হামের প্রাদুর্ভাব মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সহায়তা নেওয়া উচিত কি না, তা নিয়ে ওয়াশিংটন ও পেনসিলভানিয়া প্রশাসনের মধ্যে মতবিরোধ আরও স্পষ্ট হয়েছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর সদ্যনিযুক্ত পরিচালক ডা. এরিকা শোয়ার্টজ রবিবার এক বিবৃতিতে বলেন, পেনসিলভানিয়ার কর্মকর্তারা নতুন মৃত্যুর বিষয়ে সিডিসিকে অবহিত করেননি।

তিনি জানান, পেনসিলভানিয়াকে বারবার সহায়তার প্রস্তাব দেওয়া হলেও অঙ্গরাজ্যটি এখনও সিডিসির ‘এপি-এইড’ সহায়তা চায়নি। এ ব্যবস্থার আওতায় মহামারি বিশেষজ্ঞদের মাঠপর্যায়ে পাঠানো হয় এবং সংক্রমণ নিয়ন্ত্রণে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সহায়তা দেওয়া হয়।

শোয়ার্টজ বলেন, টেক্সাস, সাউথ ক্যারোলাইনা, ভার্জিনিয়া, কানসাস, নিউ মেক্সিকো ও উইসকনসিন ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে সিডিসির এপি-এইড সহায়তা চেয়েছে এবং ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কাজ করছে।

পেনসিলভানিয়া সহায়তা চাইলে সিডিসি তা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

শাপিরো-কেনেডি দ্বন্দ্ব
পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট গভর্নর জশ শাপিরো এবং মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা দফতরের (এইচএইচএস) সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়রের মধ্যে হামের প্রাদুর্ভাব মোকাবিলা নিয়ে বিরোধ এর আগেই প্রকাশ্যে এসেছিল।

গত আগস্টে অঙ্গরাজ্যটিতে প্রথম দুই হামের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর খবর প্রকাশের পর শাপিরো জানিয়েছিলেন, কেনেডি তাকে ফেডারেল সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি।

শাপিরোর অভিযোগ ছিল, টিকা নিয়ে কেনেডির বক্তব্য এবং তার বিভিন্ন কর্মকাণ্ড মানুষের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে এবং এর ফলে স্থানীয় জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কেনেডি—যিনি দীর্ঘদিন ধরেই টিকার নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে আসছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে শাপিরোর পাল্টা সমালোচনা করেন। তিনি গভর্নরের বিরুদ্ধে ভয় ছড়ানো এবং রাজনৈতিক সুবিধা নিতে সংক্রামক রোগকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহারের অভিযোগ তোলেন।

এমনকি হামে মৃত্যুর খবরও রাজনৈতিক বয়ান তৈরির উদ্দেশ্যে অতিরঞ্জিত বা সম্পূর্ণভাবে সাজানো হয়ে থাকতে পারে—এমন দাবিও করেছিলেন কেনেডি। তার এই মন্তব্য ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

নতুন করে একজন প্রাপ্তবয়স্ক নারীর মৃত্যুর ঘটনা সেই বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে।

শিশুদের রোগ মনে হলেও প্রাপ্তবয়স্কদেরও ঝুঁকি
অনেকের কাছে হাম মূলত শিশুদের রোগ হিসেবে পরিচিত হলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যেকোনও বয়সের মানুষের ক্ষেত্রেই এ রোগ গুরুতর জটিলতা তৈরি করতে পারে।

জেফারসন কাউন্টির প্রধান ডেপুটি করোনার ও জনসংযোগ কর্মকর্তা জেসন স্টিভার বলেন, “অনেক মানুষ হামকে শৈশবের একটি রোগ হিসেবে মনে করেন। কিন্তু যেকোনও বয়সের মানুষের ক্ষেত্রে এটি গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে।”

তিনি বলেন, হাম অত্যন্ত সংক্রামক। এ রোগ গুরুতর শ্বাসতন্ত্রের সমস্যা, হাসপাতালে ভর্তি এবং বিরল ক্ষেত্রে মৃত্যুও ঘটাতে পারে।

মার্কিন সিডিসির তথ্যানুযায়ী, টিকা না নেওয়া হাম আক্রান্ত প্রতি পাঁচজনের মধ্যে প্রায় একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়। আক্রান্ত প্রতি ২০ শিশুর মধ্যে একজনের নিউমোনিয়া হতে পারে, যা ছোট শিশুদের ক্ষেত্রে হামে মৃত্যুর সবচেয়ে সাধারণ কারণ।

এছাড়া প্রতি এক হাজার আক্রান্ত শিশুর মধ্যে প্রায় একজনের মস্তিষ্কে ফোলাভাব বা এনসেফালাইটিস হতে পারে। হাম আক্রান্ত প্রতি এক হাজার শিশুর মধ্যে এক থেকে তিনজনের মৃত্যু হতে পারে।

টিকাই সবচেয়ে কার্যকর সুরক্ষা
সিডিসি বলছে, হামের বিরুদ্ধে সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায় হলো এমএমআর টিকা। এই টিকা হাম, মাম্পস ও রুবেলা—তিনটি রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়।

টিকার দুই ডোজ নিলে হামের বিরুদ্ধে সুরক্ষা প্রায় ৯৭ শতাংশ পর্যন্ত পৌঁছায় বলে সিডিসির তথ্য।

১৯৬৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে হামের টিকা অনুমোদিত। সংস্থাটির মতে, টিকাটি অত্যন্ত নিরাপদ এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত মৃদু হয় ও নিজে থেকেই সেরে যায়।

পেনসিলভানিয়া স্বাস্থ্য বিভাগ রবিবারের বিবৃতিতে জানিয়েছে, গত মাসে অঙ্গরাজ্যটিতে হামের সঙ্গে সংশ্লিষ্ট দুটি মৃত্যুর ঘটনা তারা নিশ্চিত করেছিল। নতুন মৃত্যুর ঘটনাটি নিয়ে করোনারের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি নিজেদের পর্যালোচনাও চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ।

সংস্থাটি জানিয়েছে, অঙ্গরাজ্যজুড়ে হামের বিস্তার ঠেকানোই তাদের প্রধান লক্ষ্য। এ জন্য হামের টিকা পাওয়ার সুযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে সংক্রমণের সংখ্যা দ্রুত বাড়তে থাকা এবং নতুন করে একজন প্রাপ্তবয়স্কের মৃত্যুর ঘটনায় পেনসিলভানিয়ায় হাম মোকাবিলার কৌশল নিয়ে রাজনৈতিক ও জনস্বাস্থ্য বিতর্ক আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: সিএনএন

Translate