রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

শিল্পী সমিতি আছে, কিন্তু শিল্পী নাই” — অমিত হাসানের খোলামেলা ক্ষোভ।

বাংলাদেশের খ্যাতিমান চিত্রনায়ক অমিত হাসান এক ফেসবুক পোস্টে লিখেছেন, “শিল্পী সমিতি আছে, কিন্তু শিল্পী নাই।” সোমবার দেওয়া তাঁর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তোলে। অনেকেই এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। চিত্রনায়ক ওমর সানী মন্তব্য করেছেন, “একদম সত্যি, ভালো বলেছিস।”

অভিনয়জীবনে চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা অমিত হাসান এখন নিয়মিত অভিনয়ে দেখা না গেলেও চলচ্চিত্র সংশ্লিষ্ট নানা আড্ডায় তাঁকে সরব থাকতে দেখা যায়। নিজের মন্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, “আজ যদি শিল্পীরা ভরপুর কাজে ব্যস্ত থাকতেন, তাহলে এফডিসির ফ্লোরে কাজ চলত, শিল্পীরা সমিতিতে গিয়ে আড্ডা দিতেন, হাসাহাসি করতেন। সেই দৃশ্য তো আর দেখি না।”

তিনি আরো বলেন, “একটা সময় ছিল, শিল্পী সমিতি ছিল প্রকৃত শিল্পীদের পদচারণায় মুখর। আমরা যারা সমিতিতে দায়িত্বে ছিলাম, দেখতাম এফডিসিতে শুটিং করতে এসে শিল্পীরা এক ফাঁকে খোঁজ নিতেন—সমিতিতে কে আছে? চা খেতে খেতে গল্প করতে আসতেন। এখন সে দৃশ্য নেই।”

বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক ডিপজল—দুজনেই দীর্ঘ সময় ধরে দেশের বাইরে। কার্যত সংগঠনের কোনো দৃশ্যমান কার্যক্রমও নেই বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, “এভাবে তো একটি সংগঠন চলতে পারে না।”

অমিত হাসানের মতে, এফডিসি এখন প্রাণহীন। শুটিং নেই বললেই চলে। পুরোনো প্রযোজক-পরিচালকেরা ছবি নির্মাণে আগ্রহ হারিয়েছেন, নতুনরাও খুব একটা এগিয়ে আসছেন না। “এফডিসি মুখর না থাকলে শিল্পী সমিতিতেই বা আড্ডা দেবে কারা?”—এই প্রশ্নও তোলেন তিনি।

সবশেষে, তিনি বলেন, “সমিতিতে এখন গ্রহণযোগ্য নেতৃত্বের অভাব, সঙ্গে আছে দলীয়করণ ও বিভাজন। ফলে প্রকৃত শিল্পীরা দূরে সরে গেছেন।”

Translate