বুধবার ২২শে জুলাই, ২০২৬

শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী

‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভের পর মুখ খুলেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট  পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সমাধান না করে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস শিক্ষার্থীদের ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার করে সংসদের বর্ষাকালীন অধিবেশনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেন, নিট ইস্যুতে সংসদে বিস্তারিত আলোচনায় সরকারের সম্মতি সত্ত্বেও রাহুল গান্ধী ও কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভের নাটক সাজিয়েছে।

ধর্মেন্দ্র প্রধান বলেন, অধিবেশনে গোলযোগ সৃষ্টির জন্য লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং ভারতীয় জাতীয় কংগ্রেস নির্লজ্জভাবে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে চলেছে।

এর আগে গত ২০ জুলাই ককরোচ জনতা পার্টির বিক্ষোভের ওপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে পদযাত্রা শুরু করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। অন্যান্য বিরোধী নেতাদের পাশাপাশি কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এবং কেরালার বিরোধীদলীয় নেতা ভি ডি সতীশনও এতে যোগ দেন।

প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে দিল্লি পুলিশ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী নেতাদের আটক করে। পুলিশের হাত থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টার সময় নিরাপত্তা কর্মীরা রাহুলকে ধরে নিয়ে যান। প্রিয়াঙ্কা গান্ধীকেও পুলিশের গাড়ির দরজা ধরে টানাহেঁচড়ার দৃশ্য দেখা যায়। তবে কয়েক ঘণ্টা পর তাদের সবাইকে ছেড়ে দেয় দিল্লি পুলিশ।

আটক অবস্থা থেকে মুক্তি পাওয়ার পর প্রিয়াঙ্কা গান্ধী বলেন, বিরোধীদলীয় নেতা সংসদে কথা বলতে চাইলে তাকে সুযোগ দেওয়া হয় না। আমরা বিক্ষোভের অনুমতি চাইলে তা প্রত্যাখ্যান করা হয়। তাই আমরা এমন এক জায়গায় গেছি যেখানে তারা আমাদের আশা করেনি।

কংগ্রেসের এই পদক্ষেপের জবাবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অভিযোগ করেন, সরকার আলোচনার পথ খোলা রাখা সত্ত্বেও কংগ্রেস গণতান্ত্রিক বিতর্কের চেয়ে ‘রাজনৈতিক নাটক’ বেছে নিয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের সুবিধার চেয়ে রাজনৈতিক খবরের শিরোনাম হওয়াই তাদের মূল লক্ষ্য ছিল। ভারত ও দেশের শিক্ষার্থীরা রাজনৈতিক প্রচারণার উপাদান হওয়ার চেয়ে সংকট নিরসন, স্লোগানের বদলে সমাধান এবং বিশৃঙ্খলার বদলে দায়িত্বশীল আচরণ পাওয়ার যোগ্য। সরকার শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

উল্লেখ্য বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে নিট পরীক্ষার অনিয়মের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি ‘চলো সংসদ’ কর্মসূচির ডাক দেয়। সেখানে পুলিশ টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করলে সহিংসতা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে পুলিশের একাধিক বাস ও সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় এবং পাঁচজন আইপিএস কর্মকর্তাসহ ১০০ জনেরও বেশি পুলিশ ও আধাসামরিক সদস্য আহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করেই পরবর্তীতে উত্তপ্ত হয়ে ওঠে ভারতের রাজনৈতিক পরিস্থিতি।

Translate