শিক্ষাপ্রতিষ্ঠানে, সমাজে বাধ্যতামূলক ‘প্যারেন্টিং সেমিনার’ হওয়া দরকার: প্রিন্স মাহমুদ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের পাড়া-মহল্লায় প্রতি মাসে অন্তত একবার বাধ্যতামূলকভাবে ‘প্যারেন্টিং সেমিনার’ আয়োজনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন সংগীতশিল্পী ও সুরকার প্রিন্স মাহমুদ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এ কথা জানান।

তিনি মনে করেন, এসব সেমিনারে মনোবিজ্ঞানী ও প্রশিক্ষিত বিশেষজ্ঞরা অভিভাবকদের সন্তান লালন-পালনের সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতন করতে পারেন। বিশেষ করে ১৮ বছর বয়স পর্যন্ত সন্তানের মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশে অভিভাবকের ভূমিকা কী হওয়া উচিত, সে বিষয়ে নিয়মিত ধারণা দেওয়া প্রয়োজন।

প্রিন্স মাহমুদের মতে, সামাজিক ক্লাব, ধর্মীয় উপাসনালয় ও গণমাধ্যমকে সম্পৃক্ত করে ‘সুস্থ প্যারেন্টিং’ নিয়ে জোরালো সচেতনতামূলক প্রচারণা চালানো দরকার।

তিনি বলেন, ‘সন্তানের মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশ নিশ্চিত করতে এবং তাদের আত্মবিশ্বাসী ও মানসিকভাবে সুস্থ মানুষ হিসেবে গড়ে তুলতে ‘সুস্থ প্যারেন্টিং’ ক্যাম্পেইনের বিকল্প কিছু দেখছি না।’

একই সঙ্গে দেশের প্রতিটি অঞ্চলে পর্যাপ্তসংখ্যক প্রশিক্ষিত মনোবিজ্ঞানী ও কাউন্সেলরের সহজলভ্যতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

তার ভাষ্য, সন্তানদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য শুধু সচেতনতা নয়, প্রয়োজনের সময়ে অভিভাবক ও সন্তান—উভয়ের জন্যই প্রশিক্ষিত পেশাজীবীদের কাছ থেকে পরামর্শ নেওয়ার সুযোগ থাকা জরুরি।

Translate