বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা, দোয়া মাহফিল, কোরআন খতম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার বাগবাড়ি এলাকায় জেলা ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লাখো বাঙালির হৃদয়ের স্পন্দন। এ দেশের মাটি ও মানুষের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। বাংলাদেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে। তাঁর আদর্শকে ধারণ করে আগামী দিনে সবাইকে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইম, সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।