শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬

রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রাপ্তিতে গাম্বিয়া কাজ করছে, প্রধান উপদেষ্টাকে মামাদু তাঙ্গারা

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারা সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে তিনি মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এবং রোহিঙ্গা মুসলিমদের ন্যায়বিচার প্রাপ্তিতে গাম্বিয়ার অব্যাহত প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারা জানান, গাম্বিয়া এই মামলা দায়ের করেছিল এবং ন্যায়বিচার নিশ্চিত করতে এটি চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘গাম্বিয়ার প্রেসিডেন্ট এই বিষয়ে পূর্ণ সমর্থন দিচ্ছেন এবং এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আমরা এই বিষয়টিকে আবারও বিশ্ব মানচিত্রে ফিরিয়ে আনতে চাই।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের পক্ষে গাম্বিয়ার পদক্ষেপের প্রশংসা করেন এবং মামলার সফল পরিণতির জন্য গাম্বিয়ার অব্যাহত প্রতিশ্রুতি ও প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা চাই এই মামলা সফল হোক এবং আপনাদের সমর্থন আমাদের জন্য বড় ধরনের সহায়তা।’

পররাষ্ট্রমন্ত্রী তাঙ্গারা অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার কূটনৈতিক প্রচেষ্টা রোহিঙ্গাদের জন্য সম্মানজনক জীবনের পথ প্রশস্ত করবে। তিনি আরও উল্লেখ করেন, ‘আপনি গাম্বিয়ায় সুপরিচিত, এবং আন্তর্জাতিক সম্প্রদায় সর্বদা আপনার পাশে থাকবে।’

বৈঠকে অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের জন্য সাহায্য সংগ্রহে বাংলাদেশের প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং রাখাইনে মানবিক সহায়তা, খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদানের ওপর গুরুত্ব দেন, যাতে আরও মানুষ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য না হয়।

এছাড়া, প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে বাণিজ্য ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানান এবং বলেন, ‘আপনাদের কীভাবে আমরা সাহায্য করতে পারি, আমাদের জানান।’

বৈঠকে উভয় নেতা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যৌথভাবে কাজ করার জন্য একটি চুক্তি স্বাক্ষরের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি, আফ্রিকায় দারিদ্র্য বিমোচনের জন্য ক্ষুদ্রঋণের সম্ভাবনা এবং সহিংসতা-কবলিত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

Translate