রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

রাজধানীসহ সারাদেশে ৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার।

বাংলাদেশ সরকার স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন যে, সরকারি কর্মকমিশন (পিএসসি) এর মাধ্যমে মোট ৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

তিনি জানান, বর্তমানে ৩,৪৯৩ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এর পাশাপাশি আরও ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো গ্রামাঞ্চলে চিকিৎসা সুবিধা বাড়ানো এবং পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

এই সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের এক সভায় গৃহীত হয়, যেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। পরে, রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে সৈয়দা রিজওয়ানা হাসান এই তথ্য জানান।

তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা সৌদি আরব সফর করেছেন, যেখানে বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি কোম্পানি ‘আরামকো’ বাজারমূল্যের চেয়ে কম দামে এলএনজি সরবরাহ করতে সম্মত হয়েছে।

এছাড়া, বিশেষ পরিবারের সদস্যদের নামে নামকরণ করা বিভিন্ন প্রতিষ্ঠান বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের সর্বশেষ সভায় দুটি প্রতিষ্ঠানের নাম বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Translate