মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত দুই জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

‎‎আটককৃতরা হলেন– চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান (২৩) এবং আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মো. সজীব (২৪)।

‎‎বুধবার দিবাগত রাত ১টার দিকে চন্দ্রগঞ্জ-নোয়াখালী সীমান্তবর্তী এলাকার আলেয়াপুরে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ৪টি খালি কার্তুজ, ৪টি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, ২টি ককটেল, ১টি দেশি অস্ত্র ও একটি বিপি উদ্ধার করা হয়।

‎‎রাতেই প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আরমান হাবিব অপু। তিনি জানান, আটক ইমরান হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিদের চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের টহল দল অংশ নেয়। তিনি ছাড়াও অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট আবিদ করিম শাহরিয়ার।

Translate