রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬

মির্জা ফখরুলের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার কথা বলেছেন। মির্জা ফখরুলের সেই বক্তব্যকে অগণতান্ত্রিক ও অনভিপ্রেত আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৫ এপ্রিল) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই নিন্দা জানান।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, বিএনপি মহাসচিব বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পুরোপুরি রাজনৈতিকভাবে নির্মূল করার হুমকি দিয়ে যে অসাংবিধানিক, অনাকাঙ্ক্ষিত এবং অশোভন বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি হুমকি দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা গণতন্ত্রের ভাষা নয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়ে তিনি পতিত আওয়ামী ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলেছেন যা মোটেই সমীচীন নয়। তার মতো দায়িত্বশীল নেতার কাছ থেকে দেশবাসী এ ধরনের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য আশা করে না। তার এই বক্তব্য অতীতের মত দেশকে সহিংসতা ও উসকানিমূলক নৈরাজ্যের দিকে ঠেলে দেবার ইঙ্গিত বহন করে।

তিনি আরও বলেন, বিএনপি মহাসচিবের এ বক্তব্যেই প্রমাণিত হচ্ছে যে, তারা জাতীয় সংসদের বিরোধীদলকে পুরোপুরি রাজনৈতিকভাবে নির্মূল করে দেশে আবার একদলীয় কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসন কায়েমের ষড়যন্ত্র করছেন। তার কাছে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই, অতীতের আওয়ামী ফ্যাসিবাদী শক্তি সাড়ে ১৭ বছরে জামায়াতকে নির্মূল করতে পারেনি। আমি আশা করি, এ ধরনের অপরিণামদর্শী বক্তব্য থেকে বিএনপি মহাসচিব বিরত থেকে গণতান্ত্রিক পরিবেশকে সমুন্নত রাখবেন।
Translate