কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করেছে কোস্ট গার্ড।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর ১২টায় দক্ষিণ কুতুবদিয়া চ্যানেলে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে উদ্দেশ্যে বহনকৃত ২৫০ বস্তা সিমেন্ট ও ৬০ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকা। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি, তবে পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়েছে।
জব্দকৃত মালামাল ও বোটটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।