মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬

মার্কিন সেনাদের কেন বাধা দিলো না ইরানি জাহাজ

ওমানের সাগরে ইরানি জাহাজ তুসকায় মার্কিন মেরিন সেনাদের অভিযানের সময় কেন কোনও প্রতিরোধ গড়ে তোলা হয়নি, এর ব্যাখ্যা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। সোমবার ইরানের সামরিক কমান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে এই কারণ জানানো হয়েছে।

ইরানের সামরিক বাহিনীর নিয়মিত শাখা ও প্যারামিলিটারি রেভল্যুশনারি গার্ডের কার্যক্রম তদারককারী খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, অভিযানের সময় জাহাজের কর্মীদের পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। জীবন রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার তাগিদেই মার্কিন সেনাদের ওপর পাল্টা হামলা চালানো থেকে বিরত ছিল ইরান।

বিবৃতিতে বলা হয়েছে, জাহাজের কর্মীদের পরিবারের কয়েকজন সদস্য সেখানে উপস্থিত থাকায় তাদের জীবনের সুরক্ষা নিশ্চিত করতে আমরা সীমাবদ্ধতার মুখে পড়েছিলাম, কারণ তারা প্রতি মুহূর্তে বিপদের মধ্যে ছিল।

উল্লেখ্য, যুদ্ধে ইরানের নৌ ও বিমান বাহিনীর বড় একটি অংশ ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে।

এ ঘটনার পর ‘সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনীর’ বিরুদ্ধে ভবিষ্যতে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেওয়ার অঙ্গীকার করেছে খাতাম আল-আনবিয়া। তবে এই পদক্ষেপ কী ধরনের হবে, তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: এপি

Translate