শনিবার ২০শে জুন, ২০২৬

মাপে ডিজেল কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে ৮০ হাজার টাকা জরিমানা

নির্ধারিত পরিমাণের চেয়ে কম ডিজেল সরবরাহ করার অভিযোগে নগরীর গোসাইলডাঙ্গা এলাকায় দুটি ফিলিং স্টেশনকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় অফিস।

শনিবার পরিচালিত পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স হাজী আব্দুল আজিজ ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা এবং মেসার্স দাম্মাম ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই সূত্রে জানা গেছে, হাজী আব্দুল আজিজ ফিলিং স্টেশনের ডিজেল সরবরাহকারী যন্ত্রে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি পাওয়া যায়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮–এর ২৯ ধারায় অপরাধ আমলে নিয়ে ৪৬ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ জাহান শিকদার।

একইভাবে মেসার্স দাম্মাম ফিলিং স্টেশনের ডিজেল সরবরাহকারী যন্ত্রেও নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি পাওয়া গেলে একই আইনে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইয়ান ফেরদৌস।

অভিযানে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের ফিল্ড কর্মকর্তা (সার্টিফিকেশন মার্কস) হাসিবুল হাসান এবং মেট্রোলজি পরিদর্শক সাঈদ আহমেদ তালুকদার দায়িত্ব পালন করেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Translate