বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরের অন্যতম সেরা আবিস্কার আইয়ুব বুয়াদ্দি। তার অসাধারণ ড্রিবলিং ও পাসের নিখুঁত দক্ষতায় মুগ্ধ ইউরোপের সেরা ক্লাবগুলো।
যে কারণে ১৮ বছর বয়সি মরোক্কোর এই তারকা ফুটবলারকে দলে পেতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ম্যানচেস্টার সিটি।
বুয়াদ্দিকে দলে পেতে প্রায় ১০০ মিলিয়ন (১০ কোটি) ইউরো খরচ করতে রাজি ম্যানসিটি। আলোচনা বেশ ইতিবাচক গতিতে এগোচ্ছে। প্রক্রিয়া শেষ হলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
২০২৭ সাল পর্যন্ত ফ্রান্সে থেকে যাওয়ার সুযোগ থাকলেও দ্রুততম সময়ের মধ্যেই ম্যানচেস্টারের বিমান ধরতে আগ্রহী বুয়াদ্দি।
ফ্রান্সে জন্ম হলেও আন্তর্জাতিক ফুটবলে নিজের পিতৃভূমি মরক্কোকে বেছে নিয়েছিলেন বুয়াদ্দি। ধারাবাহিক পারফরম্যান্সে খুব দ্রুতই জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও বিশ্বকাপে মরক্কোর ছয়টি ম্যাচের পাঁচটিতেই মূল একাদশে নেমেছিলেন।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মরক্কো। তবে পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সে বিশ্বের নজর কাড়েন আইয়ুব বুয়াদ্দি।