বুধবার ২২শে জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে জব্দ ৬৫ কচ্ছপ অবমুক্ত করল বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে ৬৫টি কচ্ছপ জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। মঙ্গলবার (২১ জুলাই) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সালদানদী বিওপির টহল দল উপজেলার শহীদ মিনার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পাচারের উদ্দেশ্যে রাখা ৬৫টি কচ্ছপ জব্দ করা হয়। জব্দকৃত কচ্ছপের মধ্যে ৪টি বড় পেপসেল টারটেল এবং ৬১টি ছোট সন্দি কাসিম প্রজাতির কচ্ছপ রয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কচ্ছপগুলো ফেলে পালিয়ে যায়। পরে দেশের প্রচলিত আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিধিমালা অনুযায়ী বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে বিজিবির উপস্থিতিতে কচ্ছপগুলো সালদা নদীতে অবমুক্ত করা হয়।

অবমুক্তকরণ কার্যক্রমে সালদা নদী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. মাসুদ, সামাজিক বন বিভাগ কুমিল্লার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেহার ইসলাম চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বন্যপ্রাণী রক্ষার গুরুত্ব তুলে ধরা হয় এবং বন্যপ্রাণী পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুশইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বনজ ও বন্যপ্রাণীসহ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণেও বিজিবি অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় চোরাচালান ও বন্যপ্রাণী পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

 

Translate