শনিবার ২০শে জুন, ২০২৬

বিশ্বকাপের ১০০০তম ম্যাচ ভেস্তে যাওয়ার শঙ্কা

ফিফা বিশ্বকাপের ইতিহাসে ১,০০০তম ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাপান ও তিউনিসিয়ার মধ্যে। তবে ম্যাচের আগে মেক্সিকোর মনতেরেতে বৈরী আবহাওয়া কিছুটা উদ্বেগ তৈরি করেছে। খবর ইএসপিএন।

গ্রুপ ‘এফ’-এ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে জাপান দল মনতেরেতে পৌঁছানোর পরই শহরের অনিশ্চিত আবহাওয়ার মুখোমুখি হয়। দিনের শুরুতে তাপমাত্রা ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আকাশে মেঘ না থাকায় গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছিল।

তবে দুপুরের পরই আবহাওয়ার নাটকীয় পরিবর্তন ঘটে। কালো মেঘে আকাশ ছেয়ে যাওয়ার পর শুরু হয় প্রবল ঝড় ও ভারি বৃষ্টিপাত। এতে জাপানের শেষ অনুশীলন নিয়েও শঙ্কা দেখা দেয়।

ম্যাচের আগে রায়াদোস ট্রেনিং সেন্টারে জাপানের শেষ অনুশীলন হওয়ার কথা ছিল। একপর্যায়ে মনে হচ্ছিল বৃষ্টি ও বজ্রপাতের কারণে অনুশীলন বাতিল হতে পারে। তবে আবহাওয়ার পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় শেষ পর্যন্ত দলটি অনুশীলন সম্পন্ন করতে সক্ষম হয়।

প্রবল বর্ষণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কে পানি জমে যাওয়ায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। বৃষ্টির তীব্রতা এতটাই ছিল যে কয়েকটি ভবন ও হোটেলেও পানি ঢুকে পড়ার ঘটনা ঘটে।

তবে স্বস্তির খবর হলো, সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচের সময় পরিস্থিতি অনুকূলে থাকার সম্ভাবনা রয়েছে। ফলে বিশ্বকাপ ইতিহাসের এই বিশেষ ম্যাচটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

ফুটবলপ্রেমীদের নজর এখন জাপান-তিউনিসিয়া লড়াইয়ের দিকে, যা বিশ্বকাপ ইতিহাসের ১,০০০তম ম্যাচ হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে।

 

Translate