আনোয়ারা উপজেলার ৭ নং সদর ইউনিয়নে টাকা নিয়ে ভালনারেবল উইমেন বেনেফিটের (ভিডব্লিউবি)র’ চাল বিতরণে পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মান্নান এর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
উপকারভোগীদের অভিযোগ, সরকারি ভিডব্লিউবির চাল বিতরণে ২০২৩ -২৪ চক্র শেষের বর্ধিত অংশের ৬ মাসের মধ্যে ৫ মাসের বিতরণে খাদ্য গুদাম থেকে ইউনিয়ন পরিষদে চাল আনার ভাড়া ও সঞ্চয় বাবদ জনপ্রতি ২০০ বা ৩০০ টাকা করে নেয়া হচ্ছে। যদিও প্রকল্প শেষ তাই কোন প্রকার সঞ্চয় না নেওয়ার জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
জানা যায়,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্তা নারীরা দুই বছর মেয়াদে (২০২৩-২৪) বিনামূল্যে মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছেন। সেখানে ২০২৩ -২৪ চক্র শেষের বর্ধিত অংশের আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের আওতাধীন ৭৫ জন হতদরিদ্র মহিলাকে গত সোমবার ৫ মাসের ৩০ কেজি করে মোট ১৫০ কেজি চাল বিতরণ করা হয়। তবে চাল বিতরণ এর বিনিময় বাবদ ২০০ টাকা সঞ্চয় ও ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত গাড়ি ভাড়া নেওয়া হয়।
উপকারভোগী সদর ইউনিয়নের বিলপুর গ্রামের নুর বেগম জানান, যতবার চাল পেয়েছি প্রতিবারই ২২০ থেকে ২৬০ টাকা করে জমা দিয়েছেন। এবার জরিমানা বলে ১০০ টাকা বেশি নিয়েছে। আর বাড়তি টাকাগুলো খাদ্য গুদাম থেকে ইউনিয়ন পরিষদে চাল আনার ভাড়া বাবদ নেন ইউনিয়ন পরিষদের লোকজন।
সদর ইউনিয়নের বিলপুর গ্রামের আরেক উপকারভোগী সুমি গুহ জানান, গত সোমবার চাল বিতরণ করেছে আমাদের তবে সাথে ২০০ টাকা ও নিয়েছে। কিন্তু আমি শুনেছি আর সঞ্চয় জমা নিবে না। আগে সঞ্চয় করেছিলাম সেখানের আরো ২হাজার টাকা পাই সেগুলো দিবে বলে কালক্ষেপণ করছে।
আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ড এর সংরক্ষিত নারী ইউপি সদস্য মিনু রানী দত্ত বলেন, গত সোমবার ভিডব্লিউবির কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। সেখানে সচিব সঞ্চয় বাবদ ২০০ টাকা করে জমা নিয়েছে।
আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মান্নান বলেন, বিকাল ৫:৫০ মিনিটে নামাজে যাচ্ছি বলে ফোন কেটে দেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম বলেন , ২০২৩ -২৪ চক্র শেষের বর্ধিত অংশের ৬ মাসের মধ্যে ৫ মাসের চাল বিতরণে কার্যক্রম চলছে। সঞ্চয় নেওয়া যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সঞ্চয় সম্পূর্ণ ভাবে জমা নেওয়া নিষেধ করা হয়েছে। কেউ যদি নিয়ে থাকে বিষয়টি তদন্ত করে আগামী মিটিং এ উত্থাপন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, টাকা নেওয়ার কোন নিয়ম নেই । বিষয়টি তদন্ত করে দেখছি।