বুধবার ২২শে এপ্রিল, ২০২৬

বার্নামের সংসদে ফেরা ঠেকাতে সক্রিয় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলয়

গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নামকে ঘিরে ব্রিটিশ লেবার পার্টির ভেতরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসসহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের ঘনিষ্ঠরা বার্নামের পার্লামেন্টে ফেরার পথ ঠেকাতে সক্রিয় হয়েছেন। আসন্ন উপ-নির্বাচনকে কেন্দ্র করে বার্নামের জাতীয় রাজনীতিতে ফেরার আলোচনা শুরু হতেই এই তৎপরতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিতে (এনইসি) বার্নামের বিরুদ্ধে একটি শক্তিশালী জোট গড়ে উঠেছে।

এনইসি-র এক সদস্য বলেছেন, কমিটির বাম ও ডান, উভয় পক্ষের প্রভাবশালী নেতারাই বার্নামের প্রত্যাবর্তনের বিরোধিতা করছেন। এ কারণে ১০ ডাউনিং স্ট্রিট থেকে সম্ভাব্য প্রার্থীদের জন্য আনুগত্যের অঙ্গীকার চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এতে প্রার্থীদের বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিতে হবে, যাতে পরে কেউ নেতৃত্বের দাবি তুললে তাকে বিশ্বাসঘাতক হিসেবে দেখানো যায়।

আগামী মে মাসে স্কটল্যান্ড, ওয়েলস ও ইংল্যান্ডে স্থানীয় কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জনমত জরিপে দেখা গিয়েছে, এই নির্বাচনে লেবার পার্টি বড় ধরনের ধাক্কা খেতে পারে। এমন সংকটময় সময়ে বার্নামের পার্লামেন্টে ফেরা স্টারমার শিবিরের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি লেবার পার্টির সাবেক মন্ত্রী অ্যান্ড্রু গুইন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে এমপি পদ থেকে ইস্তফা দেন। এর আগে আপত্তিকর হোয়াটসঅ্যাপ বার্তা ফাঁসের ঘটনায় তিনি দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। তার পদত্যাগে গর্তন অ্যান্ড ডেন্টন আসনটি শূন্য হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনটিই অ্যান্ডি বার্নামের ওয়েস্টমিনস্টারে ফেরার সবচেয়ে সহজ পথ হতে পারে। আর পার্লামেন্টে ফিরতে পারলেই তিনি সরাসরি স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অবস্থানে চলে আসবেন।

চ্যানেল ফোর নিউজকে দেওয়া সাক্ষাৎকারে স্যার কিয়ার স্টারমার এমপিদের সতর্ক করে বলেছেন, জীবনযাত্রার ব্যয় ও বৈশ্বিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করে নেতৃত্বের লড়াই নিয়ে আলোচনা করা সময়ের অপচয়।

অন্যদিকে, অ্যান্ডি বার্নাম জানিয়েছেন, তিনি এখনই কোনও সিদ্ধান্ত নিতে চান না এবং সবাইকে ধৈর্য ধরতে বলেছেন। তবে ইউগভের জরিপে স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সাধারণ মানুষের প্রথম পছন্দ বার্নাম।

ভোট বিশ্লেষক স্যার জন কার্টিসের মতে, নাইজেল ফারাজের রিফর্ম ইউকে পার্টির উত্থান ঠেকাতে লেবার পার্টির সবচেয়ে কার্যকর তুরুপের তাস হতে পারেন অ্যান্ডি বার্নাম।

Translate