প্রশাসনে শীর্ষ রদবদল: তিন অতিরিক্ত সচিবের পদোন্নতি ও নতুন দায়িত্ব
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে প্রশাসনের শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল আনা হয়েছে। এর অংশ হিসেবে তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে এবং বেশ কয়েকজন সচিবকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগম এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে সচিব পদে পদোন্নতি দিয়ে যথাক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, স্বাস্থ্যসেবা বিভাগের চুক্তিভিত্তিক সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এদিকে, পরিকল্পনা কমিশনের সদস্য নাসরীন জাহান আগামী ৫ সেপ্টেম্বর বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। তিনি ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ লাম্পগ্র্যান্ট এবং আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৫ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত এক বছরের পিআরএল সুবিধা পাবেন।