মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি ও মূল মঞ্চের কোনও ক্ষয় ক্ষতি হয়নি।
বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী ও অতিথিদের জন্য নির্মিত প্যান্ডেল বাতাসে ভেঙে পড়ে যায়। এ সময় ভেতরে বসা উপকারভোগী ও অতিথিদের ছোটাছুটি করতে দেখা যায়। পরবর্তীতে প্যান্ডেল খুলে ফেলা হয়।
সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখতে সময় বাড়ার সঙ্গে সঙ্গে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি চা শ্রমিকসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপস্থিতিতে বাড়ছে।
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আগত চা শ্রমিকরা জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার সব চা বাগান বন্ধ দেওয়া হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য এসেছি। বাগানের গাড়িতে করে আমরা এসেছি।
চা বাগানে বাসিন্দা তপন বৈদ্য বলেন, আমরা সবাই এসেছি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে। চায়ের দেশে তিনি এসেছেন এজন্য আমরা একনজর দেখতে।
প্রধানমন্ত্রী টেকসই আবাসনের জন্য ৫ জন চা শ্রমিকের হাতে দুই লাখ টাকা করে বরাদ্দপত্র তুলে দেবেন।