বুধবার ২২শে এপ্রিল, ২০২৬

প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবারই মাঠে নামবেন ক্রিকেটাররা, তবে…

কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তবে শুক্রবার শর্ত সাপেক্ষে খেলায় ফেরার ঘোষণা দিয়েছে তারা।

নতুন শর্তের আগ পর্যন্ত পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে আসছিলেন ক্রিকেটাররা। পদত্যাগ না করা পর্যন্ত তারা সব ধরনের ক্রিকেট বয়কটের সিদ্ধান্তে অনড় ছিলেন। যেহেতু ইতোমধ্যেই ওই পরিচালককে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। তাই প্রক্রিয়াগত বিষয়টি সময় সাপেক্ষ হওয়ায় কিছুটা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোয়াব।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আমরা ক্রিকেটাররা আলোচনা করে উপলব্ধি করতে পেরেছি, আমাদের নারী জাতীয় দল এখন বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে নেপালে, ছেলেদের জাতীয় দলের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ছেলেদের অনূর্ধ্ব-১৯ দল দল এখন বিশ্বকাপে আছে, সব ধরনের খেলা বন্ধ করার প্রভাব এই দলগুলির ওপর পড়তে পারে। বিপিএলকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমরা তাই আমাদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। যেহেতু তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে যেহেতু বিসিবি সময় চেয়েছে, সেই সময়টুকু আমরা দিতে চাই।’

নতুন শর্ত জুড়ে সেই বিবৃতিতে কোয়াব বলেছে, এখন ওই পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তাহলে তারা শুক্রবারেই মাঠে নামবেন, ‘তবে আশা করবো, সেই প্রক্রিয়া (পরিচালক নাজমুলের পদত্যাগ) চলতে থাকবে। পাশাপাশি, পরিচালক এম নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক কথা বলেছেন, তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন বলে আমরা আশা করি। বিসিবিকে আমরা জানিয়ে দিয়েছি, তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে ও তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে আমরা শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত।’

Translate