নেপালের মুস্তাং জেলার অন্তর্গত জমসম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত এক স্বপ্নের শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ দুর্গম এলাকা। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ আর নিস্তব্ধ প্রকৃতির অপূর্ব মেলবন্ধন সেখানে। তাই জমসম বহুদিন ধরেই বলিউড নির্মাতাদের প্রিয় শুটিং লোকেশন। বিখ্যাত অনেক বলিউড সিনেমার শুটিং হয়েছে এখানে।
ছবির মতো সুন্দর কিন্তু প্রাকৃতিক বিচারে কঠিন এই জমসমেই দেখা যাচ্ছে ঢাকাই শোবিজের জনপ্রিয় মুখ—সুনেরাহ বিনতে কামালকে। সঙ্গে আছেন আরেক মডেল ফররুখ আহমেদ রেহান। তাও আবার রোম্যান্টিক আবহে! হাতে আসা কিছু স্থিরচিত্রে এটুকু স্পষ্ট, দারুণ সময় কাটছে তাদের।
খোঁজ নিয়ে জানা গেলো, ব্যক্তিগত নয়; শুটিং সফরে আছেন তারা। যেখানে মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে শুটিং করলেন ‘ও জান’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মের।
আসিফ ইকবালের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছে কোনাল ও নিলয়। যৌথভাবে সুর করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন। সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির। মিউজিক্যাল ফিল্মটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সুনেরাহ ও রেহান। নির্মাণে তানিম রহমান অংশু।
নেপাল থেকে শুটিং শেষে দেশে ফিরে অভিজ্ঞতার কথা জানালেন সুনেরাহ বিনতে কামাল। তিনি বলেন, ‘হিমালয়কন্যা নেপাল এমনিতেই অসাধারণ সুন্দর। তার মধ্যে জমসম শহরটি যেন আরও অদ্ভুত এক সৌন্দর্যের নাম। প্রতিটি দৃশ্য মনে হয় কোনও শিল্পীর হাতে আঁকা। তবে এই সৌন্দর্যের মাঝেই ছিল কঠিন বাস্তবতা। মাইনাস ৮ ডিগ্রিতে শুটিং মোটেও সহজ নয়। তবুও এমন জায়গায় কাজ করার অভিজ্ঞতা আজীবনের স্মৃতি হয়ে থাকবে। আমার বিশ্বাস, গানটি দেখলে দর্শক শুধু গান নয়, জায়গাটির প্রেমেও পড়ে যাবেন। মনে হবে কোনও বলিউড সিনেমার বিশাল ক্যানভাসের গান দেখছি।’
গানটিতে পারফর্ম করার অভিজ্ঞতা জানিয়ে অভিনেতা ফররুখ আহমেদ রেহান বলেন, ‘নেপালের মতো জায়গায় সিনেম্যাটিকভাবে শুটিং করার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। গানটির কথার সঙ্গে দৃশ্যায়নের যে মেলবন্ধন তৈরি হয়েছে, তা সচরাচর মিউজিক ভিডিওতে দেখা যায় না। বছরের শুরুতেই দারুণ একটি কাজ দর্শকদের উপহার দিতে পারছি বলে প্রশান্তি লাগছে।’
নতুন বছরকে ‘ও জান’ দিয়ে বরণ করে নেওয়ার পরিকল্পনা থাকলেও সার্বিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। তবে বছরের প্রথম মাসের শেষ দিন, ৩০ জানুয়ারি, গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেল প্রকাশ পেতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এই মিউজিক্যাল ফিল্ম।
নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘‘গানচিল শুরু থেকেই গানের ভিডিওতে নতুন ধারার চেষ্টা করছে। ‘ও জান’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। গানটির কথা যেমন হৃদয়ে প্রশান্তি দেবে, তেমনি দৃশ্যায়নও চোখে আরাম দেবে। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা এমন একটি অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছি, যেখানে জমসম শহরের তুষার, পাহাড় আর প্রেম এক হয়ে যাবে। এই প্রজেক্ট বাংলাদেশ-ভারত ও নেপাল- তিন দেশের জয়েন্ট ভেঞ্চারে কাজ হয়েছে। ভারতের সিনেমাটোগ্রাফার এবং কোরিওগ্রাফার, নেপালের লোকেশন ম্যানেজার এবং বাংলাদেশের পরিচালক ও কো-প্রডিউসার। সব মিলিয়েই কাজটি সম্পন্ন হয়েছে।’’