নতুন বছরে পাহাড়ের প্রথম সূর্যোদয় উপভোগ করতে বান্দরবানে ভিড় করছেন পর্যটকরা।
নতুন বছরের প্রথম দিনে পাহাড়ি প্রকৃতির গাঢ় সৌন্দর্য উপভোগ করতে ‘পাহাড় কন্যা’ খ্যাত বান্দরবানে ছুটে আসছেন দেশি-বিদেশি পর্যটকরা। বিশেষত থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ইতিমধ্যে বান্দরবানে ভিড় জমতে শুরু করেছে। পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পট। পাহাড়, ঝিরি-ঝরনা এবং সবুজ-শ্যামল প্রকৃতি উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা আসছেন এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে।
বান্দরবানের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের মুগ্ধ করেছে। শহরের হোটেল, মোটেল, গেস্ট হাউসগুলো আগেই বুক হয়ে গেছে, ফলে পর্যটকদের থাকার ব্যবস্থা নিশ্চিত করতে ব্যবসায়ী ও হোটেল মালিকরা প্রস্তুত রয়েছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থানগুলোর মধ্যে মেঘলা, নীলাচল, নীলগিরি, চিম্বুক, শৈলপ্রপাত এবং আরো অনেক অসংখ্য পর্যটন স্পট রয়েছে। এগুলোর মধ্যে পাহাড়ের সারি এবং ভেসে চলা মেঘের ভেলা বান্দরবানের সৌন্দর্যকে বহুমাত্রিকভাবে সমৃদ্ধ করেছে।
বান্দরবানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ছাড়াও রয়েছে ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনযাত্রা এবং সংস্কৃতি, যা দিন দিন পর্যটকদের আগমন বৃদ্ধি করছে। এসব কারণেই বান্দরবান সারা বছরই দেশি ও বিদেশি পর্যটকদের আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছে।