বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর সুদূর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিট নামে খ্যাত মহাসড়কে অগণিত মানুষের সমাগম ঘটে। ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী যেন জনসমুদ্রে পরিণত হয়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির পক্ষ থেকে জানানো হয়, অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীকে তারেক রহমান আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
অভ্যর্থনা কার্যক্রমকে সুচারুভাবে সম্পন্ন করতে দায়িত্বরত সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
আজকের এই অভ্যর্থনা অনুষ্ঠানে কর্তব্যরত সব গণমাধ্যমের সাংবাদিকদেরও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান।