শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬

থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলনের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ

ভারতে সদ্য রাজনীতিতে নাম লেখানো দক্ষিণী সিনেমার নায়ক থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে এখন পর্যন্ত ৪০ জন নিহত এবং শতাধিক আহতের খবর পাওয়া গেছে। বিজয়ের দল টিভিকের অভিযোগ, গতকালের ওই ঘটনায় তামিলনাড়ু অঙ্গরাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকের ষড়যন্ত্র রয়েছ।

টিভিকের আইনজীবী আরিভাঝাগন জানিয়েছেন, তারা মাদ্রাজ হাইকোর্টে আবেদন করেছেন যেন বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয় অথবা অভিযোগটি দেশের কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

আরিভাঝাগন বলেছেন, গতকালের ঘটনায় একটি অপরাধমূলক ষড়যন্ত্র হয়েছে। মহামান্য আদালতের কাছেও আমাদের অনুরোধ, তদন্ত যেন স্বাধীনভাবে করা হয়।

তিনি দাবি করেন, স্থানীয়দের কাছ থেকে নির্ভরযোগ্য তথ্য ও কিছু সিসিটিভি ফুটেজ হাতে এসেছে, যা ক্ষমতাসীন দলের একাংশের ভূমিকা প্রমাণ করে।

রাজ্য সরকারের তরফ থেকে জানা যায়, সমাবেশস্থলের ধারণক্ষমতা ছিল প্রায় ১০ হাজার, অথচ সেখানে ২৭ হাজার মানুষ জমায়েত হয়েছিলেন। দুপুর থেকেই ভিড় বাড়তে থাকে, কিন্তু বিজয় পৌঁছান সন্ধ্যা ৭টার দিকে।

অনেকের অভিযোগ, জনসমাগম বাড়ানোর উদ্দেশ্যেই ইচ্ছাকৃতভাবে দেরি করেছেন বিজয়। তবে টিভিকে তা প্রত্যাখ্যান করে বলেছে, যানজটের কারণে তাদের বিলম্ব হয়েছে।

এদিকে, ডিএমকের অভিযোগ ছিল, সমাবেশে নিরাপত্তা সংক্রান্ত নিয়ম ভঙ্গ করা হয়েছিল। তবে আরিভাঝাগন তা অস্বীকার করে বলেন, আমরা কোনও শর্ত ভঙ্গ করিনি। গত কয়েক মাসে মাদুরাই, ত্রিচি, আরিয়ালুর, তিরুভারুর, নাগাপট্টিনম ও নামাক্কলে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছি। করুরে এভাবে কীভাবে হলো, সেটাই প্রশ্ন।

ডিএমকের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। দলের মুখপাত্র ড. সৈয়দ হাফিজুল্লাহ বলেন, আমরা রাজনৈতিকভাবে বিষয়টি ব্যবহার করতে চাই না। আইন নিজস্ব গতিতে চলবে। অভিযোগকারীরা আগে তাদের নেতাদের আচরণ পর্যালোচনা করুক।

তথ্যসূত্র: এনডিটিভি

Translate