সোমবার ২০শে এপ্রিল, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে চাপ, নেই যানজট

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল ও যাত্রীর চাপ বেড়েছে। তবে মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম ১০৩ কিলোমিটার সড়কে কোথাও স্থায়ী যানজট দেখা যায়নি।

মঙ্গলবার সকাল থেকে মহাসড়কের চান্দিনা, নিমসার, পদুয়ার বাজার, চৌদ্দগ্রাম এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, যানজট না থাকলেও পরিবহনের চাপে মহাসড়কের পাশের বাজার এলাকাগুলোতে পরিবহন ধীর গতিতে চলছে। বিশেষ করে, নিমসার, ইলিয়টগঞ্জ, পদুয়ার বাজার ও চৌদ্দগ্রাম বাজারে থেমে থেমে পরিবহন চলতে দেখা গেছে।

চট্টগ্রামগামী হানিফ পরিবহনের চালক ইসহাক মিয়া বলেন, ‘কোথাও যানজট নাই। তবে বাজারগুলোতে ধীরে চলছে গাড়ি। এভাবে থাকলেও ঈদটা ভালো যাবে।’

চট্টগ্রাম থেকে আসা যাত্রী রেখা আক্তার বলেন, ‘কুমিল্লা আসা পর্যন্ত কোথাও যানজট ছিল না। অলংকার মোড় থেকে বাসে উঠেছি ভোরে সাড়ে ১০টায়, নেমেছি কুমিল্লায়। পথে পথে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দেখেছি টহল দিতে। তবে কয়েকটা বাজার এলাকায় গাড়ি ধীর গতিতে এসেছে। না হলে আরও তাড়াতাড়ি আসতে পারতাম।’

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি শাহিনুর আলম জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা রয়েছে। তবে কোথাও কোথাও বাজারের কারণে ধীর গতিতে পরিবহন চলছে। পুলিশের সঙ্গে স্কাউট সদস্যরা টহলে আছে।

Translate