বুধবার ২২শে এপ্রিল, ২০২৬

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে দাভোসে জেলেনস্কি

শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডাব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোসে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বহুল প্রতীক্ষিত বৈঠকে বসার কথা রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবি, ইউক্রেন যুদ্ধ বন্ধের শান্তি আলোচনা এখন ‘শেষ পর্যায়ে’ রয়েছে। মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ জানিয়েছেন, আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে এবং এখন মাত্র একটি বিষয় অমীমাংসিত রয়েছে।

সপ্তাহের শুরুতে জেলেনস্কি জানিয়েছিলেন, দেশের বিদ্যুৎ সংকট ও রুশ হামলার কারণে তিনি কিয়েভেই অবস্থান করবেন। তবে ট্রাম্পের সঙ্গে চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় তিনি দাভোসে যাওয়ার সিদ্ধান্ত নেন। জেলেনস্কির মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১টায় ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হবে এবং এরপর দুপুর ২টা ৩০ মিনিটে জেলেনস্কি ভাষণ দেবেন।

জেলেনস্কি আগেই শর্ত দিয়েছিলেন, নিরাপত্তা নিশ্চিত করা এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের অর্থায়নের বিষয়ে ট্রাম্পের সঙ্গে চুক্তির সুযোগ থাকলেই কেবল তিনি দাভোসে আসবেন। বুধবার ট্রাম্পও ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেন, একটি চুক্তি এখন ‘যথেষ্ট কাছাকাছি’ পর্যায়ে আছে।

শান্তি আলোচনার অংশ হিসেবে আজই মস্কো যাচ্ছেন মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। সেখানে তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।

পুতিন জানিয়েছেন, ইউক্রেন সংকট সমাধান, বিদেশে জব্দ থাকা রুশ সম্পদ পুনর্গঠন কাজে ব্যবহার এবং ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে আলোচনা হবে। মস্কো সময় সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

একদিকে যখন উচ্চপর্যায়ের এই কূটনৈতিক দৌড়ঝাঁপ চলছে, অন্যদিকে ইউক্রেনে রুশ হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ওডেসায় একটি ড্রোন হামলায় ১৭ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। বিদ্যুৎ অবকাঠামোতে হামলার কারণে রাজধানীসহ বিভিন্ন অঞ্চল এখনও বিদ্যুৎহীন।

তবে শান্তি আলোচনার খবরে আন্তর্জাতিক বাজারে ইউক্রেনের বন্ডের দাম বেড়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে যুদ্ধ বন্ধের নতুন আশার প্রতিফলন ঘটাচ্ছে। দাভোসে উইটকফ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “যদি দুই পক্ষই সমাধান চায়, তবে আমরা এটি সমাধান করতে যাচ্ছি।”

Translate