রবিবার ২৮শে জুন, ২০২৬

টেকনাফে রাস্তার পাশে সারি সারি কালেমার পতাকা, খতিয়ে দেখছে প্রশাসন

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকায় রাস্তার দুই পাশে কালেমা লেখা সাদা পতাকা টাঙানোর ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এ ঘটনার বিষয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।

শনিবার (২৭ জুন) শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকার বিভিন্ন সড়ক ও জেটিঘাটে সারিবদ্ধভাবে কালেমা লেখা সাদা পতাকা টাঙানো অবস্থায় দেখা যায়। স্থানীয়দের দাবি, মাদ্রাসাপড়ুয়া একদল যুবক এসব পতাকা টাঙানোর পর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্থানীয় এক যুবক দাবি করেন, টেকনাফের শাহপরীর দ্বীপের ‘আল হিদায়া ছাত্র সংগঠন’ এ আয়োজন করেছে। ভিডিওতে তিনি বলেন, কলেমা লেখা পতাকা দেখে তার ভালো লেগেছে।

 

‘আল হিদায়া ছাত্র সংগঠন’ এবং ‘বিউটি অব শাহপরীর দ্বীপ’ নামে দুটি ফেসবুক পেজে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক শরীরে কালেমা লেখা সাদা পতাকা জড়িয়ে এবং হাতে একই ধরনের পতাকা নিয়ে শাহপরীর দ্বীপের বিভিন্ন সড়ক ও নাফ নদীর জেটিঘাট এলাকায় অবস্থান করছেন। পরে তারা পতাকা প্রদর্শনের বিভিন্ন দৃশ্যও সামাজিকমাধ্যমে প্রকাশ করেন।

Translate