মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬

জুলাই সনদের খসড়ার সঙ্গে বিএনপি মোটামুটি একমত: সালাহ উদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ নামে একটি খসড়া পেয়েছি। সেটি একটি ভূমিকা। এতে বিস্তারিত বিষয়গুলো নেই। সেটি পরে দেওয়া হবে। এখন যেটা হয়েছে, সেই খসড়ার সঙ্গে আমরা মোটামুটি একমত।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২১তম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, খসড়ায় কিছু বাক্য ও শব্দ গঠন প্রণালি নিয়ে কারও কোনও মতামত আছে কিনা—সেজন্য সব রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছে। ভাষাগত বা বাক্যগত কোনও সংশোধনী থাকলে দিবো। আর অঙ্গীকারের বিষয়ে আমরা একমত। আমাদের যা যা সংশোধনী অবজারভেশন থাকবে এটা আমরা কালকে জমা দেবো। কিন্তু যে দুই বছরের ভেতরে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে অঙ্গীকার চাওয়া হয়েছে— সে বিষয়ে আমরা একমত।

সালাহ উদ্দিন আহমেদ প্রশ্ন রাখেন বাংলাদেশে সুপ্রিম ল কোনটা? কনস্টিটিউশন সে কনস্টিটিউশনে বলা আছে কী? জনগণই সার্বভৌম। জনগণের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ কীভাবে হয়? ভোটের মাধ্যমে হয়। সেই ভোটের মাধ্যমে যারা জনপ্রতিনিধি নির্বাচনে যায়, তারা কোথায়? সার্বভৌম পার্লামেন্টে। দেশে একটা জায়গায় সার্বভৌম জায়গা। সেটা হচ্ছে পার্লামেন্ট হাউস। সেখানেই জনগণের জন্য আইন প্রণয়ন করা হয় এবং জনগণ সেই আইন দ্বারা শাসিত হয়। জনগণের আইনের দ্বারা জনগণ শাসিত হয়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ আইনের মাধ্যমে করতে চাই। এতে আইনি ত্রুটি থাকলে সংশোধন সহজ হবে।

তিনি বলেন, কার্যকর রাষ্ট্র পরিচালনার জন্য একটি সক্রিয় নির্বাহী বিভাগ প্রয়োজন। তবে সেই নির্বাহী বিভাগকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হবে। যত বেশি কিছু সংবিধানে যুক্ত করা হবে, তত বেশি সংশোধন জটিল হয়ে পড়বে। তাই আমরা চাই আইনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা হোক এবং সেই আইনে প্রয়োজন অনুযায়ী সংশোধন আনা সহজ হোক।

নারী প্রতিনিধিত্বের বিষয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, আমরা প্রথম ধাপে প্রস্তাব করেছি—আগামী নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ৫ শতাংশ অর্থাৎ ১৫টি আসনে নারীদের মনোনয়ন দেওয়া হবে। পরবর্তী নির্বাচনে তা ১০ শতাংশ অর্থাৎ ৩০টি হবে। আমরা চাই নারীরা সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হোক। কিন্তু সমাজের বাস্তবতা বিবেচনায় আমরা ধাপে ধাপে অগ্রসর হতে চাই।

ন্যায়পাল নিয়োগ নিয়ে বিএনপির এ নেতা বলেন, যেহেতু এখন পর্যন্ত ন্যায়পাল কোনোদিন ফাংশন করেনি, তাই আমরা প্রথমে চাই সেটি প্রতিষ্ঠিত হোক। এরপর তার আইন যুগোপযোগী করে, দায়িত্ব ও ক্ষমতা স্পষ্ট করে কার্যকরভাবে বাস্তবায়ন হোক। ন্যায়পালকে শুধু তদন্তের ক্ষমতা না দিয়ে, তার প্রতিবেদনের বাস্তব প্রয়োগের জন্য আইন তৈরি করতে হবে। না হলে এই প্রতিষ্ঠান অর্থবহ হবে না।

সংস্কার কমিশনের ৭০০-এর বেশি সুপারিশ সম্পর্কে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা এর মধ্যে প্রায় ৬৫০টির মতো প্রস্তাবে একমত হয়েছি। বাকিগুলোর বিষয়ে পরামর্শ দিয়েছি বা সংশোধিত প্রস্তাব দিয়েছি। সব প্রস্তাব সনদে আসবে না। তবে যেগুলো মৌলিক, যেমন সংবিধান সংশোধন সংক্রান্ত, সেগুলো অবশ্যই গুরুত্ব পাবে।

Translate