রবিবার ৩রা মে, ২০২৬

ছেলের এইচএসসি ফল জালিয়াতি: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব কারাগারে

ছেলের পরীক্ষার ফল জালিয়াতির মামলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ জুন) চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে হাইকোর্ট থেকে নেওয়া চার সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চট্টগ্রাম কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. শাহীন গণমাধ্যমকে বলেন, “জালিয়াতির মামলায় আত্মসমর্পণ করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।”

২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া নারায়ণের ছেলে নক্ষত্র দেবনাথকে জিপিএ-৫ পাইয়ে দিতে ফলাফল জালিয়াতির অভিযোগ উঠে। এ ঘটনায় ২০২৪ সালের ২১ জানুয়ারি নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এ কে এম সামছু উদ্দিন আজাদ।

মামলায় অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ ছাড়াও আসামি করা হয়েছে তার ছেলে নক্ষত্র দেবনাথ, শিক্ষা বোর্ডের সাবেক সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খান এবং বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতারকে।

ঘটনার পর শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তদন্তে নামে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর মাউশির শৃঙ্খলা বিভাগ থেকে জারি করা আদেশে বলা হয়, নারায়ণের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তার ছেলের ফলাফল বাতিল করতে হবে।

পরে নারায়ণ চন্দ্র নাথকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে সরিয়ে মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হিসেবে পদায়ন করা হয়। ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর তাকে ওএসডি করা হয়।

Translate