রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

ছুরিকাঘাতে নিহতের জানাজা শেষে আসামির ঘরে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

চট্টগ্রামের আনোয়ারায় ছুরিকাঘাতে নিহত এক যুবকের জানাজা শেষে এ ঘটনায় হওয়া মামলার প্রধান আসামির ঘরে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আগুন দেওয়ার আগে ঘরটিতে ব্যাপক ভাঙচুরও করা হয়। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়ন পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাতে ছুরিকাঘাতে নিহত হন মোহাম্মদ মানিক নামের এক ব্যক্তি। এ ঘটনায় গতকাল বিকেলে আনোয়ারা থানায় তাঁর ভাই মোহাম্মদ বাবুল বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় মো. রাসেল (৩৬) নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করা হয়।

এ ছাড়া মোহাম্মদ নয়ন (৩২) নামের আরেকজনের নামোল্লেখ করে আসামি করা হয় অজ্ঞাতপরিচয় দু-তিনজনের বিরুদ্ধে। নিহত ব্যক্তির ময়নাতদন্ত ও মামলার পর সন্ধ্যা সাতটার দিকে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিক্ষুব্ধ জনতা আসামি রাসেলের ঘরে গিয়ে ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেন। ঘটনার সময় রাসেলের ঘরে তাঁর পরিবারের কোনো সদস্য ছিলেন না।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন প্রথম আলোকে বলেন, মামলার এক আসামির ঘর পুড়িয়ে দেওয়ার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগের আলোকে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Translate