রবিবার ৩রা মে, ২০২৬

গাজা দখল পরিকল্পনা অনুমোদনের পর ইসরাইলকে অস্ত্র বিক্রি স্থগিত জার্মানির

ইসরাইলের গাজা শহর দখল পরিকল্পনার পরিপ্রেক্ষিতে গাজায় ব্যবহৃত হতে পারে এমন সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিতের ঘোষণা দিয়েছে জার্মানি।

শুক্রবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ বলেন, ‘গাজা উপত্যকায় ব্যবহারের সম্ভাবনা আছে এমন কোনো সামরিক সরঞ্জাম ইসরাইলকে রপ্তানির অনুমোদন আর দেওয়া হবে না—পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।’

শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

মার্জ আরও বলেন, ইসরাইলি সেনাবাহিনীর এই পরিকল্পনা বৈধ লক্ষ্য অর্জনে কীভাবে সহায়তা করবে, তা ‘ক্রমশ বোঝা কঠিন হয়ে পড়ছে’।

তিনি স্পষ্ট করে জানান, ‘এই পরিস্থিতিতে গাজা উপত্যকায় ব্যবহৃত হতে পারে এমন সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন জার্মান সরকার দেবে না।’

 

ঐতিহাসিকভাবে জার্মানি ইসরাইলের অন্যতম বড় অস্ত্র সরবরাহকারী দেশ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ইসরাইলের সর্বাধিক সামরিক আমদানিকারক ছিল যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে ছিল জার্মানি।

এদিকে, হামাস সতর্ক করে বলেছে, গাজা দখলের অর্থ হবে ফিলিস্তিনি ভূখণ্ডে বন্দি থাকা ব্যক্তিদের ‘বলিদান’ দেওয়া।

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, ‘গাজা দখলের সিদ্ধান্ত প্রমাণ করে অপরাধী (ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন) নেতানিয়াহু ও তার নাৎসি সরকার তাদের বন্দিদের ভাগ্য নিয়ে কোনো চিন্তা করে না। তারা জানে, আগ্রাসন বাড়ানো মানে তাদের বলিদান দেওয়া।’

Translate