সোমবার ৪ঠা মে, ২০২৬

‘গাজা দখলের চিন্তা ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে দেবে’

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক অ্যালন লিয়েল বলেছেন, গাজা সিটি দখলের পরিকল্পনা ইসরাইলকে আরও বেশি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে দেবে।

আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। অথচ ইসরাইল তার উল্টো পথে হাঁটছে।

তিনি বলেন, গাজা দখলের সিদ্ধান্তের মাধ্যমে আমরা একটি আন্তর্জাতিক মহলকে উপেক্ষা করছি যারা মনে করে এই যুদ্ধের অবসান হওয়া উচিত।

অ্যালন লিয়েলে আরও বলেন, একজন কূটনীতিক হিসেবে আমি খুবই দুঃখিত যে ইসরাইল পুরো বিশ্বকে উপেক্ষা করছে। আমি এর পরিণতি নিয়ে উদ্বিগ্ন, কারণ এটি ইসরাইলের সম্পূর্ণ বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাবে।

লিয়েলের মতে, ইসরাইলের ভেতরে এমন একটি ধারণা রয়েছে যে যুক্তরাষ্ট্র যেকোনো নীতিতেই ইসরাইলকে সমর্থন করবে। আর এই বিশ্বাস ইসরাইলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।

তিনি আরও আহ্বান জানান, ইসরাইলের মিত্র দেশগুলোকে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিতে হবে, কারণ ‘যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সর্বসম্মতি তৈরি হয়, তাহলে যুক্তরাষ্ট্রকেও সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’

এদিকে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গাজা উপত্যকার সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জাম জড়ো করছে ইসরাইল। যুক্তরাষ্ট্রের তিন বর্তমান ও এক সাবেক কর্মকর্তা এসব ছবি পর্যালোচনা করে জানিয়েছেন—এটি সম্ভবত নতুন এক বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতির ইঙ্গিত।

চিত্রগুলোতে সেনাদের চলাচল ও বাহিনীর অবস্থান এমনভাবে ধরা পড়েছে, যা তাদের কাছে সম্ভাব্য ব্যাপক সামরিক অভিযানের লক্ষণ বলে মনে হয়েছে।

Translate