শনিবার ১৮ই জুলাই, ২০২৬

গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বারিধারার ডিওএইচএস এলাকার স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষ হতে না হতেই, তার বাসভবনে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

রাত সাড়ে ৩টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে দেখা যায় হাসনাত আব্দুল্লাহকে। তবে তিনি এসময় সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ‘ব্যর্থ’ দাবি করে তার পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভ করেন। সেই সময়ই, রাত ৩টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হন স্বরাষ্ট্র উপদেষ্টা। সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কিছু সাংবাদিক আলোচনা করেন, তবে আনুষ্ঠানিকভাবে তিনি কিছু বলতে রাজি হননি।

এর আগে রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা দেশে ছিনতাই এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবি জানান। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য সোমবার ১টার মধ্যে আল্টিমেটাম দিয়েছেন।

সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমার পদত্যাগের দাবি তো নতুন নয়। যেসব কারণে পদত্যাগ দাবি করা হচ্ছে, যদি আমি সেগুলোর উন্নতি করতে পারি, তাহলে তো আর পদত্যাগের প্রশ্ন থাকছে না।”

তিনি আরও বলেন, যারা তার পদত্যাগ চাইছেন, তারা মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান। উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়, সে জন্য আমি কাজ করছি। ইতোমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং এটি আরও উন্নতি হবে।”

Translate