মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬

‘কোনো শক্তি ঐক্যবদ্ধ ইরানকে নতজানু করতে পারবে না’

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যতক্ষণ ইরানিরা ঐক্য ও সংহতি বজায় রাখবে, ততক্ষণ কোনো শক্তি তাদের নতজানু করতে পারবে না। তিনি বলেন, কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রগতিকে থামাতে পারবে না।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ইরানের জানজান শহরে এক অনুষ্ঠানে ভাষণদানকালে তিনি এসব কথা বলেন। খবর মেহের নিউজের।

গত ১৩ জুন শুরু হওয়া ইসরায়েল-মার্কিন আগ্রাসনের ১২ দিনের যুদ্ধে ইরানি জনগণ, পুলিশ, নিরাপত্তা বাহিনী ও ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীদের গৌরবময় ও দৃঢ় প্রতিরোধের প্রশংসা করেন পেজেশকিয়ান।

ইরানের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘সব ধরনের হুমকি ও চাপে থাকা সত্ত্বেও আমাদের বাহিনী ইসরায়েলের ‘আয়রন ডোম’-এর মতো প্রতিরক্ষা ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের উন্নত সামরিক প্রযুক্তিকে পরাস্ত করে তাদের লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হেনেছে।’

তিনি আরও বলেন, ‘কঠোর নিষেধাজ্ঞার মাঝেও ইরানি জাতি ও সশস্ত্র বাহিনী আমাদের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করেছে।’

Translate