ঈদুল ফিতর ২০২৫: নতুন নোট বিনিময় স্থগিত করল বাংলাদেশ ব্যাংক
পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এবারের ঈদে নতুন টাকা পাওয়া যাবে না।
সোমবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং ব্যাংকগুলোর শাখায় সংরক্ষিত ফ্রেশ নোট বিনিময় না করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া পুনঃপ্রচলনযোগ্য নোট ব্যবহার করে নগদ লেনদেন কার্যক্রম সম্পাদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
উল্লেখ্য, এর আগে ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল যে, ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট বিনিময় করা হবে। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে এ কার্যক্রম স্থগিত করা হলো।