ঈদুল আজহায় মুক্তির তালিকায় যুক্ত হচ্ছে একের পর এক সিনেমা। এবার সেই মিছিলে যোগ হলো আরও একটি চলচ্চিত্র। আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত নতুন সিনেমা ‘মালিক’। ছবিটি নির্মাণ করেছেন সাইফ চন্দন। শুক্রবার প্রকাশ করা হয়েছে সিনেমাটির দুটি ফার্স্ট লুক পোস্টার।
এই চলচ্চিত্রের মধ্য দিয়ে দীর্ঘদিন পর বড়পর্দায় হাজির হচ্ছেন আরিফিন শুভ। পোস্টার প্রকাশের পর থেকেই তার অ্যাকশন লুক সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। পোস্টারগুলোর একটিতে শুভকে দেখা গেছে তীব্র প্রতিশোধস্পৃহায় উজ্জ্বল এক অ্যাকশনধর্মী চরিত্রে। চোখেমুখের কঠোরতা ও শরীরী ভাষা চরিত্রটির ভেতরের অস্থিরতা এবং শক্তির আভাস দিচ্ছে। অনেকেই এই ভিজ্যুয়াল উপস্থাপনাকে বলিউডের অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘ধুরন্ধর’-এর পোস্টারের আবহের সঙ্গে তুলনা করছেন, যেখানে রণবীর সিং-কেও একই ধরনের প্রতিশোধপরায়ণ চরিত্রে দেখা গিয়েছিল।
অন্য পোস্টারে রোমান্টিক আবহে ধরা দিয়েছেন শুভ–মিম জুটি। সেখানে অ্যাকশনের চেয়ে সম্পর্কের আবেগ ও ব্যক্তিগত টানাপোড়েনের ইঙ্গিতই বেশি স্পষ্ট। দুটি পোস্টারেই ব্যবহার করা হয়েছে শক্তিশালী ট্যাগলাইন—‘প্রতিশোধের নতুন নাম’।
চলচ্চিত্রটির পোস্টার
পরিচালক সাইফ চন্দন জানিয়েছেন, বড়পর্দায় সিনেমার টোন ও পরিসর বোঝাতেই শুরুতে ভিন্নধর্মী দুটি পোস্টার প্রকাশ করা হয়েছে। তার ভাষায়, শনিবার সেন্সর কার্যক্রম শেষ হওয়ার পর প্রকাশ করা হবে সিনেমার গান ও অ্যাকশনধর্মী ট্রেলার।
তিনি আরও জানান, বর্তমানে কলকাতায় সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের শেষ পর্যায়ের কাজ চলছে। নির্মাতাদের আশা, ঈদুল আজহায় দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে ‘মালিক’।
জানা গেছে, সিনেমাটি মূলত একটি অ্যাকশন-ড্রামা। এতে এক জেদি ও একরোখা তরুণের জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে—যে মায়ের সম্মান ও হারানো অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে নামতে গিয়ে ধীরে ধীরে অপরাধজগতের ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হয়।

আরিফিন শুভ যে লুকে আসছেন
সেই কেন্দ্রীয় চরিত্রেই দেখা যাবে আরিফিন শুভকে। পাশাপাশি বিদ্যা সিনহা মিমকেও একটি ভিন্নধর্মী ও গুরুত্বপূর্ণ চরিত্রে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা।
