সেঞ্চুরিতে শেষ হাসি হাসলেন তাওহীদ হৃদয়। হাসান ইসাখিলের বিধ্বংসী সেঞ্চুরি ছাপিয়ে হৃদয়ের বিস্ফোরক ব্যাটিংয়ে নোয়াখালী এক্সপ্রেসকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। লিগ পর্বের শেষ ম্যাচে এই জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর স্থান নিশ্চিত করেছে রংপুর। আগেই বিদায় নিশ্চিত হওয়া নোয়াখালী হার দিয়ে টুর্নামেন্ট শেষ করেছে।
বড় একটা সময় পর্যন্ত ম্যাচটা নোয়াখালীর দিকেই ঝুঁকে ছিল। ধীর গতির সূচনার পর ইনিংসের শেষভাগে বিধ্বংসী রূপ নেন ইসাখিল। ৭২ বলে অপরাজিত ১০৭ রান করেন তিনি। তার ব্যাটে শেষ পাঁচ ওভারে ৭৫ রান তোলে নোয়াখালী। যেখানে আকিফ জাভেদের করা শেষ ওভারেই তারা তুলেছে ২৮ রান। ইসাখিলের ৭২ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ১১টি ছক্কা! তার ব্যাটেই ২ উইকেটে নোয়াখালী ১৭৩ রান সংগ্রহ করে।
এর জবাব বিস্ফোরক ব্যাটিংয়ে দিয়েছেন রংপুরের হৃদয়। ইসাখিল যেখানে শেষভাগে ঝড়ো ব্যাটিং করেছেন বিপরীতে শুরু থেকেই দাপট দেখান হৃদয়। ৬৩ বলে ১০৯ রান করেন তিনি। তাতে ছিল ১৫টি চার ও ২টি ছক্কা। অধিনায়ক লিটন দাস ৩৫ বলে ৩৯ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। তবে জয়ের মঞ্চটা গড়ে দেয় হৃদয়ের আগ্রাসন। ১৮.২ তম ওভারে হৃদয় যখন আউট হন, তখন জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৯ রান। তার পর বল হাতে রেখেই ২ উইকেটে লক্ষ্য তাড়া করে লিটন দাসের দল।