বুধবার ২২শে এপ্রিল, ২০২৬

ইসলামী আন্দোলনকে নিয়েই ১১ দলের আসন সমঝোতার প্রত্যাশা মামুনুল হকের

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতায় ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়ে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ইসলামী আন্দোলনসহ ১১ দলের সংবাদ সম্মেলন রাত ৮টায় কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সেখানে চূড়ান্ত আসন তালিকা ঘোষণা হবে।

তিনি আরও জানান, ১০ দলের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হয়েছে। ইসলামী আন্দোলনের সঙ্গেও কথা হয়েছে। রাতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আমাদের প্রত্যাশা একসঙ্গেই এগিয়ে যেতে পারবো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে একই কথা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেন, জোটে কিছু মতভিন্নতা রয়েছে। তারপরও রাতে আসনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে।

এর আগে দুপুরে মগবাজারে জামায়াতে কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলের নেতারা বৈঠক করেন। উপস্থিত ছিলেন না চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনও প্রতিনিধি।

এতে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানসহ অন্যরা।

Translate