বুধবার ৬ই মে, ২০২৬

ইসরায়েলি অস্ত্র নির্মাতার সঙ্গে সম্পর্ক, লন্ডনে চাবের সদরদফতর অবরোধ

যুক্তরাজ্যের লন্ডনে ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কের প্রতিবাদে বীমা জায়ান্ট চাব-এর লন্ডন সদরদফতর অবরোধ করেছেন একদল অধিকার কর্মী।

‘পিপল অ্যাগেইনস্ট জেনোসাইড’ নামের সংগঠনের কর্মীরা মঙ্গলবার সকালে এ কর্মসূচি পালন করেন।

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, দিনের শুরুতেই তাদের দুই কর্মী চাবের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নিজেদের ‘লক-অন’ করে দেন, ফলে প্রবেশপথ আংশিকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, চাব যুক্তরাজ্যে অবস্থিত শেনস্টোনকে বীমা সুবিধা দিয়ে আসছে, যা ইসরায়েলের বৃহত্তম অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমের একটি সহযোগী প্রতিষ্ঠান। তাদের দাবি, এই প্রতিষ্ঠানটি ইসরায়েলের সামরিক ড্রোন বহরের একটি বড় অংশের ইঞ্জিন তৈরি করে এবং স্থলভিত্তিক সামরিক সরঞ্জাম উৎপাদনেও জড়িত।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, “চাবের দেওয়া বীমা সুবিধা না থাকলে যুক্তরাজ্যে এলবিটের কার্যক্রম পরিচালনা সম্ভব হতো না।”

তারা আরও দাবি করে, ইসরায়েলের গাজা অভিযানের প্রেক্ষাপটে এলবিট সিস্টেমসের কার্যক্রম আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছে এবং এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন দেশে বিক্ষোভ বেড়েছে।

এটি চাবের বিরুদ্ধে ‘পিপল অ্যাগেইনস্ট জেনোসাইড’-এর সাম্প্রতিক পঞ্চম কর্মসূচি বলে জানিয়েছে সংগঠনটি। তারা বলছে, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

তবে এ বিষয়ে চাব বা এলবিট সিস্টেমসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গাজা যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন বহুজাতিক কোম্পানির ওপর চাপ বাড়ছে, বিশেষ করে যেসব প্রতিষ্ঠান সরাসরি বা পরোক্ষভাবে সামরিক সরঞ্জাম উৎপাদন বা সরবরাহের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। সূত্র: আল-জাজিরা

Translate