সোমবার ১৫ই জুন, ২০২৬

আহমেদাবাদের ফাইনালে ম্যাচ অফিসিয়াল যারা

আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল রবিবার। তার আগেই ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচকে কেন্দ্র করে অনফিল্ড আম্পায়ার হিসেবে বেছে নেওয়া হয়েছে ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স ওয়ার্ফকে।

ইলিংওয়ার্থ টানা দ্বিতীয়বারের মতো পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিং করতে যাচ্ছেন। ২০২৪ আসরের ফাইনালেও ক্রিস গ্যাফানির সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।

অন্যদিকে, অ্যালেক্স ওয়ার্ফ এর আগে ২০২২ সালের নারী ক্রিকেট বিশ্বকাপ ও ২০২৩ সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন। গত বছর তাকে এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব আম্পায়ার্সে অন্তর্ভুক্ত করা হয়।

চলতি সপ্তাহের শুরুতে কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের সেমিফাইনাল জয়ের দিনেও একসঙ্গে দায়িত্ব পালন করেছিলেন ইলিংওয়ার্থ ও ওয়ার্ফ।

ফাইনালে অন-ফিল্ড আম্পায়ারদের সহায়তায় তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার আল্লাহুদ্দিন পালেকার। ৪৮ বছর বয়সী এই আম্পায়ার ২০২৫ সালের মার্চে ওয়ার্ফের সঙ্গে এমিরেটস আইসিসি এলিট প্যানেলে জায়গা পান এবং এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত ছয়টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন।

চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকারই অ্যাড্রিয়ান হোল্ডস্টক। আর ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।

ফাইনালে ম্যাচ অফিসিয়াল থাকবেন যারা

* অন-ফিল্ড আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ, অ্যালেক্স ওয়ার্ফ

* তৃতীয় আম্পায়ার: আল্লাহুদ্দিন পালেকার

* চতুর্থ আম্পায়ার: অ্যাড্রিয়ান হোল্ডস্টক

* ম্যাচ রেফারি: অ্যান্ডি পাইক্রফট

Translate