বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক নৃত্য দিবসে বিজরীর স্মৃতিচারণ

আন্তর্জাতিক নৃত্য দিবসে স্মৃতিময় এক পোস্ট শেয়ার করেছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী বিজরী বরকতুল্লাহ। ছোটবেলার একটি ছবি প্রকাশ করে তিনি জানান, নাচই তার জীবনের ভিত্তি তৈরি করেছে এবং এই পথেই গড়ে উঠেছে তার আজকের পরিচয়।

তিনি লেখেন, “সঙ্গীত ভবন”-এ সাত বছর নাচ শেখা আমার জীবনের একটি বিরাট অভিজ্ঞতা। নৃত্যগুরু শিবলী মোহাম্মদের কাছে কত্থক, বেলায়েত হোসেন খানের কাছে ভরতনাট্যম এবং আমার মা জীনাত বরকত উল্লাহর কাছে দেশীয় লোকজ নৃত্যে আমার হাতেখড়ি হয়।”

তিনি আরও বলেন, “আমার নৃত্যজীবনে সবচেয়ে বেশি উৎসাহ পেয়েছি আমার বাবা মে. বরকত উল্লাহর কাছ থেকে। তাদের কারণেই আজ আমি বিজরী।”

মায়ের স্মৃতিচারণ করে তিনি লেখেন, “আজ আমার মায়ের কথা খুব মনে পড়ছে। যিনি জীবনের বড় অংশ নৃত্যশিল্পের জন্য উৎসর্গ করেছিলেন এবং একুশে পদকে ভূষিত হয়েছেন।”

নিজের প্রথম স্টেজ পারফরম্যান্সের কথা উল্লেখ করে তিনি জানান, “তখন আমার বয়স ছিল প্রায় ১১–১২ বছর। জার্মান কালচারাল সেন্টারে ‘সংগীত ভবন’-এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে সেই নাচটি করেছিলাম—আজও সেটা স্পষ্ট মনে আছে।”

পোস্টের শেষে তিনি সকল নৃত্যগুরু ও শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক নৃত্য দিবসের শুভেচ্ছা জানান।

বিজরী বরকতুল্লাহ বাংলাদেশের টেলিভিশন নাটক ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন ধরে অভিনয়ের পাশাপাশি মঞ্চ ও নৃত্যচর্চার সঙ্গে যুক্ত আছেন। শিল্প ও সংস্কৃতির ধারাবাহিক চর্চার কারণে তিনি দর্শক ও সহশিল্পীদের কাছে একজন পরিশীলিত ও নিবেদিতপ্রাণ শিল্পী হিসেবে পরিচিত।

Translate