বুধবার ২২শে এপ্রিল, ২০২৬

আগুন ছাড়াই বেজে ওঠে ফায়ার অ্যালার্ম, তদন্ত কমিটি গঠন

ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলাকালে আগুন ছাড়াই ফায়ার অ্যালার্ম বেজে ওঠার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই ঘটনার পর তাৎক্ষণিকভাবে একাডেমিতে কর্তব্যরত কর্মচারীরা অ্যালার্মের সম্ভাব্য উৎসস্থল পরিদর্শন করেন এবং কারণ অনুসন্ধান করেন। প্রাথমিক তদন্তে কোথাও কোনও ধরনের আগুন বা ধোঁয়ার অস্তিত্ব পাওয়া যায়নি। তবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে।

এ জন্য ফরেন সার্ভিস অ্যাকাডেমির পরিচালককে আহ্বায়ক করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এবং গণপূর্ত অধিদফতরের প্রতিনিধিসহ পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়।

সোমবার দুপুর ১২টা ২০ মিনিটি ফরেন সার্ভিস অ্যাকাডেমি ভবনে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সবাইকে বের হয়ে যেতে বলেন। সবাই বের হয়ে নিচে অবস্থান করেন। তখন ধারণা করা হচ্ছিল, ভবনের কোনও অংশে কেউ সিগারেট বা আগুনের কোনও কিছু ফেলে থাকতে পারেন। পরে দুপুর পৌনে ১২টায় দোয়েল হলে ফেরেন রাজনীতিবিদ ও কমিশনের সদস্যরা। পরে আবারও শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক।

Translate