রাজধানীর যানজট কমানো ও পূর্বাচলের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ করতে নির্মিত ৩০০ ফিট সড়কের ৩ নম্বর সেতু এলাকায় যানজট ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়ন্ত্রিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং ক্যামেরাম্যানদের অবস্থানের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল।
দর্শনার্থীদের অভিযোগ, ছবি তোলার পর সম্মত টাকার চেয়ে বেশি অর্থ দাবি এবং তা দিতে অস্বীকৃতি জানালে দুর্ব্যবহারের শিকার হতে হয়। ছুটির দিন ও বিকেল থেকে সন্ধ্যায় দর্শনার্থীদের ভিড় বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। স্থানীয়দের দাবি, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও ক্যামেরাম্যানদের কার্যক্রম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন সেতু পর্যন্ত প্রায় ১২ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ ১৪ লেনের পূর্বাচল এক্সপ্রেসওয়ে নির্মাণে সংশোধিত ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৩২৯ কোটি ৬৬ লাখ টাকা। ২০২৩ সালের ১৪ নভেম্বর সড়কটি উদ্বোধন করা হয়। তবে গুরুত্বপূর্ণ অংশে অনিয়ম ও যানজটের কারণে সড়কটির পরিকল্পিত সুবিধা ব্যাহত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
হাইওয়ে পুলিশের পরিদর্শক আলী আহমেদ জানিয়েছেন, যানজট, অনিয়ন্ত্রিত যানবাহন ও ক্যামেরাম্যানদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত পদক্ষেপের মাধ্যমে সড়কটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।