কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা-নেওয়ার পথে জীবননাশের আশঙ্কা প্রকাশ করে অন্য আসামিদের সঙ্গে একই প্রিজন ভ্যানে হাজির করার আবেদন করেছেন সাবেক এনটিএমসি মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) শুনানিতে তার আইনজীবী বোন নাজনীন নাহার অভিযোগ করেন, গত ১৬ সেপ্টেম্বর থেকে জিয়াউলকে আলাদা গাড়িতে একা আনা-নেওয়া করা হচ্ছে। জিয়াউলও আশঙ্কা প্রকাশ করেন, যাত্রাপথে কোনো ঘটনা ঘটিয়ে তার ওপর দায় চাপানো হতে পারে।
অন্যদিকে, নিরাপত্তাঝুঁকি থাকলে তাকে সশরীরে ট্রাইব্যুনালে না এনে কারাগার থেকে অডিও-ভিজ্যুয়াল সংযোগে শুনানিতে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের বক্তব্য শুনে আবেদনটির বিষয়ে আদেশের জন্য রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।