আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’। বৃহস্পতিবার (১ অক্টোবর) সিনেমাটির নাম ঘোষণা করেন পরিচালক হিমেল আশরাফ। শাকিব খান ও প্রযোজক আরশাদ আদনানকে নিয়ে এটি হিমেল আশরাফের তৃতীয় সিনেমা; এর আগে তারা ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ নির্মাণ করেছেন।
সিনেমার পোস্টারে কালো পোশাকে অস্ত্র হাতে এক পুরুষ ও সাদা পোশাকে এক নারীকে দেখা গেছে। তবে নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। সিনেমার নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
প্রাথমিকভাবে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদি ও দুর-ই-ফিশানের নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি ভারতের দুই অভিনেত্রীর নামও বিবেচনায় আছে বলে জানা গেছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
নির্মাতা ও প্রযোজক জানিয়েছেন, শিগগিরই নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে।