বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার (১২ জানুয়ারি) লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘দ্য ক্লিনিক’-এর সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ডা. জাহিদ জানান, খালেদা জিয়া নিজে হাঁটতে সক্ষম হয়েছেন এবং দেশের খোঁজখবর নিয়েছেন। তার চিকিৎসা অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে। প্রতিদিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং সোমবার (১৩ জানুয়ারি) কিছু বিশেষ পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে।
উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে আসেন। সেদিন তাকে হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি ‘দ্য ক্লিনিকে’ নেওয়া হয়। চিকিৎসার অংশ হিসেবে তাকে রোববার ফিজিওথেরাপি দেওয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থা সন্তোষজনক বলে জানা গেছে।
এদিন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমান। সফরসঙ্গী এনামুল হক চৌধুরী জানান, চিকিৎসার অগ্রগতি সন্তোষজনক এবং তিনি ক্রমশ সুস্থতার দিকে এগোচ্ছেন।