মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। বুধবার ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উত্থাপিত প্রস্তাবের পক্ষে ১২৮টি দেশ ভোট দেয়। বিপক্ষে ভোট পড়ে ছয়টি এবং ভোটদানে বিরত থাকে ৩৩টি দেশ।
ভোটের আগে বাংলাদেশের প্রতিনিধি রাষ্ট্রদূত সঞ্চিতা হক রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং দ্রুত প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে।
প্রস্তাবে রোহিঙ্গাদের ওপর মানবাধিকার লঙ্ঘন বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত, ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।