পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে পাহাড়ের সমস্যা রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন নাগরিক সমাবেশের বক্তারা। সোমবার (৫ অক্টোবর) শাহবাগে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’ আয়োজিত সমাবেশে তারা এ দাবি জানান।
বক্তারা বলেন, সম্প্রতি গঠিত জাতীয়, নির্বাহী ও পরামর্শক—এই তিন কমিটি চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। তাই এগুলো বাতিল করে পাহাড়ের মানুষের সঙ্গে অর্থবহ সংলাপ শুরু করতে হবে। একই সঙ্গে ভূমি বিরোধের সমাধান ও পাহাড়ের মানুষের ভূমির অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।
সমাবেশ থেকে চুক্তি বাস্তবায়নে সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সঙ্গে সংলাপ এবং সব পক্ষকে নিয়ে অর্থবহ আলোচনার দাবি জানানো হয়।