এবারের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ) ২০২৬ আসরটি মার্কিন পপ তারকা টেলর সুইফটের ক্যারিয়ারে স্মরণীয় হয়ে উঠতে পারে। প্রতিযোগিতামূলক বিভাগে একাধিক মনোনয়নের পাশাপাশি এবারের আয়োজনে বিশেষ ‘আর্টিস্ট ডিরেক্টর’ সম্মানও পেতে যাচ্ছেন তিনি। সব মিলিয়ে ১১টি সাধারণ বিভাগে মনোনয়ন রয়েছে তার ঝুলিতে।
ভিএমএতে দীর্ঘদিনের সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও কয়েকটি রেকর্ড গড়ার সুযোগ তৈরি হয়েছে সুইফটের সামনে। অ্যাকশন-নেটওয়ার্ক ডটকমের পরিসংখ্যান অনুযায়ী, বিশেষ এই সম্মাননা যুক্ত হলে ভিএমএ ইতিহাসে ব্যক্তিগতভাবে সর্বাধিক পুরস্কারজয়ী শিল্পী হিসেবে নতুন রেকর্ড গড়বেন তিনি।
বর্তমানে সুইফটের ভিএমএ ট্রফির সংখ্যা ৩০টি। এবারের বিশেষ স্বীকৃতি যোগ হলে সেটি বেড়ে দাঁড়াবে ৩১-এ। ফলে ব্যক্তিগত, ‘ডেস্টিনিজ চাইল্ড’ এবং ‘দ্য কার্টার্স’-এর হয়ে পাওয়া পুরস্কারসহ মোট ৩০টি ভিএমএ পাওয়া বিয়ন্সেকে ছাড়িয়ে যাবেন সুইফট। প্রতিযোগিতামূলক বিভাগগুলোতে আরও সাফল্য এলে ব্যবধান বাড়ার সম্ভাবনাও রয়েছে।
‘ভিডিও অব দ্য ইয়ার’-এও রেকর্ডের সম্ভাবনা
এবারের ভিএমএর অন্যতম আলোচিত বিভাগ ‘ভিডিও অব দ্য ইয়ার’। ‘দ্য ফেট অব ওফেলিয়া’ গানের জন্য এই বিভাগে মনোনয়ন পেয়েছেন সুইফট। পুরস্কারটি জিততে পারলে নিজের গড়া রেকর্ডই আরও সমৃদ্ধ হবে তার।
এর আগে ‘ব্যাড ব্লাড’, ‘ইউ নিড টু কাম ডাউন’, ‘অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম’, ‘অ্যান্টি-হিরো’ এবং ‘ফোর্টনাইট’-এর মাধ্যমে পাঁচবার ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন তিনি। এবারও জয় পেলে একই বিভাগে তার ট্রফির সংখ্যা দাঁড়াবে ছয়টিতে।
এক রাতেই সর্বোচ্চ পুরস্কারের সম্ভাবনা
একটি আসরে সর্বাধিক ভিএমএ পুরস্কার জয়ের রেকর্ডেও এবার নজর রয়েছে সুইফটের। ১৯৮৭ সালে অস্কারজয়ী সংগীতশিল্পী পিটার গ্যাব্রিয়েল নন-কম্পিটিটিভ ‘ভ্যানগার্ড’ পুরস্কারসহ এক রাতে ১০টি ভিএমএ জয়ের নজির স্থাপন করেছিলেন।
সুইফট এবারের সব মনোনয়নেই জয় পেলে এক রাতের সর্বোচ্চ ১২টি পুরস্কার জয়ের নতুন রেকর্ড গড়তে পারেন। ফলে এবারের আসর তার জন্য শুধু পুরস্কার পাওয়ার মঞ্চ নয়, একাধিক রেকর্ড পুনর্লিখনেরও সুযোগ তৈরি করেছে।
‘বেস্ট পপ’-এ অ্যারিয়ানার সঙ্গে লড়াই
‘বেস্ট পপ’ বিভাগেও সুইফটের সামনে রয়েছে নতুন রেকর্ড গড়ার সুযোগ। এই বিভাগে বর্তমানে অ্যারিয়ানা গ্র্যান্ডের সঙ্গে যৌথভাবে তিনটি করে পুরস্কার রয়েছে তার। ‘দ্য ফেট অব ওফেলিয়া’ দিয়ে এবার জয় পেলে এই বিভাগে সর্বাধিক ট্রফির মালিক হিসেবে এককভাবে শীর্ষে উঠে যাবেন সুইফট।
তবে বিষয়টি সহজ হবে না। কারণ একই বিভাগে মনোনয়ন পেয়েছেন অ্যারিয়ানা গ্র্যান্ডও। ফলে পুরস্কার ঘোষণার আগে থেকেই দুই পপ তারকার লড়াই নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।