চট্টগ্রাম নগরীর পুকুর পরিষ্কারে জেলা প্রশাসনের বিশেষ কর্মসূচি শুরু

চট্টগ্রাম নগরের বিভিন্ন পুকুর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিশেষ কর্মসূচি শুরু করেছে জেলা প্রশাসন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরের কাজীর দেউড়ি এলাকার কাজী বাড়ি পুকুর পরিষ্কারের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

পরিষ্কার করা পুকুরগুলোতে পরবর্তী সময়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নগরের পুকুরগুলোর পরিবেশ ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনার পাশাপাশি জলাশয়গুলো সংরক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

কাজী বাড়ি পুকুর পরিষ্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’—এই স্লোগান সামনে রেখে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করা হয়েছে। এর অংশ হিসেবে প্রতি সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 

তিনি বলেন, দীর্ঘদিন পুকুরে ময়লা-আবর্জনা জমে থাকলে পানির গুণগত মান নষ্ট হয়। পাশাপাশি রোগজীবাণু, ডেঙ্গু মশাসহ বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গের বিস্তার ঘটতে পারে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যও ঝুঁকিতে পড়ে। তাই পুকুর পরিষ্কার রাখার পাশাপাশি এসব জলাশয়ের পরিবেশগত সৌন্দর্য ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে।

 

বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেন, শুধু সরকারি উদ্যোগে পরিচ্ছন্ন নগর বা সমাজ গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

তিনি বলেন, নগরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পুকুরগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসব জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে।

Translate